মুন্ডুহীন এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক দেখা দিয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের নুড়িপুর গ্রামে। ঘটনাস্থলে জেলার অতিরিক্ত পুলিশ সুপারসহ বিশাল পুলিশ বাহিনী কাটা মুন্ডুর খোঁজে তল্লাশি শুরু করেছে। মঙ্গলবার সকালে রায়গঞ্জ থানার ৯ নং গৌরী গ্রামপঞ্চায়েতের নুড়িপুর গ্রামের রাস্তার ধারে একটি ধানক্ষেতের মধ্যে গলাকাটা মুন্ডুহীন এক ব্যাক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়। ছুটে আসেন রায়গঞ্জ থানার আইসিসহ বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহটি কার তা জানা যায়নি। এলাকায় চাপা আতঙ্ক ও চাঞ্চল্য থাকায় রায়গঞ্জ কর্নজোড়া পুলিশ লাইন থেকে ঘটনাস্থলে ছুটে আসেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও ডিএসপি সদরসহ আরও পুলিশ বাহিনী। মুন্ডু না মেলায় মৃতের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। অজ্ঞাত পরিচয় ওই মৃতদেহের মুন্ডুটির খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় গৌরী গ্রামপঞ্চায়েত এলাকার নুড়িপুর, অভোর, রাধানগরসহ আশপাশের গ্রামগুলিতে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
উত্তরদিনাজপুর